ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পরও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নিয়েছেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে অবরোধ আরও জোরদার হয়। সেখানেই সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়—হাদি হত্যার সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথ ছেড়ে তারা ঘরে ফিরবেন না।
টানা অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন,
“যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার পেছনে জড়িত সবাই—পরিকল্পনাকারী থেকে শুরু করে সরাসরি হত্যাকারী—গ্রেপ্তার না হবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না। আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। আজ শাহবাগ অবরোধ করেছি, আগামীকালও করা হবে। সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে।”
তিনি আরও বলেন, এই আন্দোলন কোনো একক সংগঠনের নয়, এটি জনগণের ন্যায্য বিচার পাওয়ার আন্দোলনে রূপ নিচ্ছে। কর্মসূচিতে অংশ নিয়ে ওসমান হাদির ভাই শরিফ ওমর বিন হাদি সরকারের প্রতি কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন। তিনি বলেন,
“সরকারের আচরণ দেখে মনে হচ্ছে, এই হত্যার বিচার নিয়ে তাদের কোনো আন্তরিকতা নেই। আজ ওসমান হাদির বিচার দাবি শুধু আমাদের পরিবারের নয়, এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের দাবি। বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব।”তিনি আরও বলেন, পরিস্থিতি খারাপের দিকে গেলে সরকারকে আরও কঠিন কর্মসূচির মুখোমুখি হতে হবে।
“আমাদের বাধ্য করবেন না যমুনা কিংবা ক্যান্টনমেন্ট ঘেরাও করতে। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই আমরা সতর্ক করে দিচ্ছি।”
এদিকে বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেশের জনগণকে শাহবাগে এসে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। পোস্টে বলা হয়, হাদি হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখ। গত বছরের আগস্টে তিনি ইনকিলাব মঞ্চ গঠন করেন। ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবেও তিনি পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে গণসংযোগ চালিয়ে আসছিলেন।গত ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু সময় পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আততায়ীরা খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়।